হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের জাতীয় হাওজা ইলমিয়ার সেবা কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ হোসেইন এহসানি আয়াতুল্লাহ সাইয়্যেদ হাশেম হোসেইনি বুশেহরির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সাক্ষাতে আয়াতুল্লাহ হোসেইনি বুশেহরি হাওজার শিক্ষার্থীদের সহযোগিতায় সেবা কেন্দ্রের ইতিবাচক ও আশাব্যঞ্জক কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা যখন হাওজা ইলমিয়ার কাছে প্রত্যাশা করি যে, তারা মেধাবী, জ্ঞানী, মুজতাহিদ, ফকিহ ও সমাজে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব গড়ে তুলবে, তখন যথাযথ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা ছাড়া বাস্তবে তা সম্ভব নয়। কারণ, সমাজের অন্যান্য শ্রেণির মানুষের মতো হাওজার শিক্ষার্থীরাও কঠিন অর্থনৈতিক পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।
তিনি বলেন, হাওজা ইলমিয়ার অতীত ইতিহাসেও শিক্ষার্থীদের সহযোগিতা ও জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের ব্যবস্থা ছিল। যদিও সেসব ব্যবস্থা বর্তমান সময়ের মতো ছিল না।
তিনি আশা প্রকাশ করেন, হাওজা ইলমিয়া আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠবে এবং মানুষ ধর্মীয় শিক্ষা অর্জন, উচ্চতর জ্ঞানগত মর্যাদা লাভ ও আধ্যাত্মিক উৎকর্ষ অর্জনের জন্য হাওজায় অধ্যয়নে উৎসাহিত হবে।
জামেয়া মুদাররিসিনের প্রধান আয়াতুল্লাহ হোসেইনি বুশেহরি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে গৃহীত প্রচেষ্টার কথা উল্লেখ করে সেবা কেন্দ্রের প্রধানকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এতসব কার্যক্রম পরিচালনা করা সত্ত্বেও নিশ্চয়ই নিজেরাও এতে পুরোপুরি সন্তুষ্ট নন। তাই এসব সেবা ও সহযোগিতা আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
বিশেষ করে প্রবীণ আলেম এবং যেসব ধর্মীয় ব্যক্তিত্ব তাঁদের জীবনের দীর্ঘ সময় হাওজা ইলমিয়ার সেবায় ব্যয় করেছেন, তাঁদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।
কোমের জুমার নামাজের ইমাম আরও বলেন, হাওজার শিক্ষার্থীদের সেবার ক্ষেত্রে পরিবর্তন ও উন্নয়ন সাধনে সর্বোচ্চ নেতার বিশেষ দৃষ্টি ও অনুগ্রহ রয়েছে।
আমরা আশা করি, বিভিন্ন সেবামূলক পরিকল্পনা বাস্তবায়ন এবং হাওজা ইলমিয়ার সেবা কেন্দ্র ও হাওজা ইলমিয়ার ব্যবস্থাপনা কেন্দ্রের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে, বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাবশালী ও যোগ্য শিক্ষার্থীদের চিহ্নিত করে তাঁদের সহযোগিতা প্রদানের ক্ষেত্রে, হাওজা ইলমিয়া আরও সমৃদ্ধ হবে।
উল্লেখ্য, বৈঠকের শুরুতে হাওজা ইলমিয়ার সেবা কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ হোসেইন এহসানি হাওজা ইলমিয়ার প্রতি সর্বোচ্চ নেতার বিশেষ মনোযোগ ও গুরুত্বের কথা উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতায় সেবা কেন্দ্রের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
আপনার কমেন্ট